Print

সারাদিন

‘বৈশ্বিকভাবে ‘গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতির জন্য প্রচেষ্টা চলছে’

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান কামাল জানিয়েছেন, ২৫ মার্চ কালরাতকে বৈশ্বিকভাবে ‘গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতির জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, আমরা বিশ্বের কাছে গণহত্যা দিবস হিসেবে পরিচিতি লাভের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

রোববার (২৬ মার্চ) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, মার্চের প্রত্যেকটা দিনকেই আমরা গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করে থাকি। ২৫ মার্চের ওই রাতে মাত্র ৬ ঘণ্টার মধ্যে কয়েক হাজার বাঙালিকে হত্যা করা হয়েছিল। সেদিন রাতেই বঙ্গবন্ধুর ঘোষণাটি আসলো, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তারপর থেকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করি।

তিনি বলেন, ‘একই সঙ্গে বঙ্গবন্ধুকে যারা খুন করেছিলেন, তাদেরকেও আমরা বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেছি। কয়েকজন এখনো পালিয়ে বেড়াচ্ছে। তাদেরও আনার জন্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশে, তারা যেখানে যেখানে আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করছি। আমরা চেষ্টা করছি, অচিরেই তাদের নিয়ে আসার জন্য ও ফাঁসির রায় কার্যকর করার জন্য।’

এরআগে, সকাল ৮টায় মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ সময় একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে‌। বিউগলে বেজে উঠে করুণ সুর।

Nagad
Nagad