Print

সারাদিন

‘আমরা খেলবো, বাঘের মতো খেলবো’

প্রকাশিত: ৪:৫৪ অপরাহন, মার্চ ৩০, ২০২৩

খেলাধুলা ডেস্ক

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর আয়ারল্যান্ডের বিপক্ষেও একই মানসিকতা ধরে রেখেছে বাংলাদেশ দল। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই আক্রমণাত্মক মনোভাবের ছাপ দেখা গেছে তাদের।

আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে দুই’শ ছাড়ানো সংগ্রহ পেয়েছে টাইগাররা। ব্যাটিংয়ে আক্রমণাত্মক মনোভাবের প্রতীক হয়ে উঠছেন বাংলাদেশের ওপেনার রনি তালুকদার। এই উদ্বোধনী ব্যাটার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৩৮ বলে ৬৭ রান এবং দ্বিতীয়টিতে ২৩ বলে করেন ৪৪ রান করেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে টিম হোটেলে সাংবাদিকদের ওপেনার রনি তালুকদার জানালেন, বাংলাদেশ দলের প্রতি অধিনায়ক সাকিব আল হাসানের বার্তা।

রনি তালুকদার বলেন, “সাকিব ভাই কিংবদন্তি খেলোয়াড়; সেটা আপনারাও জানেন। উনার সাথে যখন আমি আবাহনীতে খেলেছি আজ থেকে ১২ বছর আগে, তখনও একই ইন্টেন্ট ও মন-মানসিকতা উনার ভেতর ছিল। উনি সবসময় ইতিবাচক থাকা আর দাপট দেখানোর চেষ্টা করেন।”

তিনি আরও বলেন, “এই জিনিসটাই উনার আলাদা যে দাপুটে চিন্তা-ভাবনা এই দলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। যে আমরা খেলবো, বাঘের মতো খেলবো। আমরা দাপট দেখানোর চেষ্টা করবো। আমাদের ভয়ডর থাকবে না। আমরা সবসময় ইতিবাচক ইন্টেন্ট নিয়ে মাঠে নামবো। কখনো ব্যর্থ হতে পারি, আবার দেখা যায় সফল হবো; যদি আমরা এই জিনিসটা ধরে রাখতে পারি তাহলে সফলতার হার বাড়বে।”

এটা কি শুধু সাকিব আল হাসানের বার্তা নাকি পুরো দলই চাচ্ছে এমন কিছু? সাংবাদিকদের এমন প্রশ্নে রনি তালুকদার বলেন, “ক্যাপ্টেন-কোচের চিন্তা-ভাবনা একই।”

Nagad
Nagad

তার প্রতি দলের বার্তাটা কী? এমন প্রশ্নে ওপেনার রনি বলেন, “শুরু থেকেই আমার খেলার ধরন এমন ছিল। আমার টিম ম্যানেজম্যান্ট আমাকে খেলার ধরন অনুযায়ী খেলতে দিচ্ছে। ইংল্যান্ড সিরিজের আগেও আমাকে বললো বিপিএলের জিনিসটা এখানে করো।”

সারাদিন/৩০ মার্চ/এমবি