Print

সারাদিন

দেশে তীব্র তাপপ্রবাহ রইছে

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩

সারাদিন ডেস্ক

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১৪ সালে ঢাকার তাপমাত্রা উঠেছিলো ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাও গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ। ২০১৪ সালে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস উঠেছিলো।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো: বজলুর রশীদ জানান, ২০১৪ সালের ২৪ এপ্রিলে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিলো।

সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। আর ৩৮ ডিগ্রি হলে মাঝারি তাপপ্রবাহ এবং ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ বলা হয়।

বজলুর রশীদ জানান, এ হিসেবে দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। আর ১৮ অঞ্চলে বইছে মাঝারি থেকে তীব্রের কাছাকাছি তাপপ্রবাহ। সবচেয়ে কম তাপপ্রবাহের এলাকায়ও বইছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। রংপুরের ডিমলা ও রাজার হাটের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

Nagad
Nagad

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলাগুলোর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত। থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সারাদিন/১৫ এপ্রিল/এমবি