Print

সারাদিন

আলিয়ার মুকুটে আরও এক পালক

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, মে ১১, ২০২৩

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের মুকুটে নতুন পালক যোগ হয়েছে। প্রথম ভারতীয় হিসাবে ফ্যাশন সংস্থা ‘গুচ্চি’র অন্যতম মুখ হলেন আলিয়া ভাট।

ইটালির এই জনপ্রিয় ফ্যাশন সংস্থা তাদের প্রথম ভারতীয় ‘গ্লোবাল অ্যাম্বাসাডর’ হিসাবে আলিয়া ভাটের নাম ঘোষণা করেছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।

আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সিওল শহরে অনুষ্ঠিত হতে চলেছে ‘গুচ্চি ক্রুজ ২০২৪’ নামক একটি ফ্যাশন শো। সংস্থার ২৫ বছর পূর্তি উপলক্ষে এই শোয়ের আয়োজন করা হয়েছে।

সেই অনুষ্ঠানেই এই সংস্থার মুখ হিসাবে আত্মপ্রকাশ করবেন আলিয়া। এখনও পর্যন্ত এমনটাই পরিকল্পনা সংস্থা কর্তৃপক্ষের। সম্প্রতি ‘গুচ্চি’-এর শার্ট পরা একটি ছবি আলিয়া তার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছিলেন।

চলতি বছর মোটের উপর ভালোই যাচ্ছে আলিয়ার। ২০২৩-এর মেট গালায় প্রথম বার ডাক পেয়েছিলেন তিনি। মেট গালার লাল গালিচায় আলিয়া হাজির হয়েছিলেন সাদা পরির সাজে। আলিয়ার সাজে মুগ্ধ হয়েছিল গোটা ভারত।

হলিউডের বড় তারকাদের পাশে খবরের শিরোনামে নিজের জায়গা করে নিয়েছিলেন আলিয়া। কিছু দিন আগেই ‘গঙ্গুবাঈ কাথিওয়াবাড়ির’ জন্য সেরা অভিনেত্রীর সম্মানও পেয়েছেন তিনি। সব মিলিয়ে চলতি বছরটা যে আলিয়ারই হতে চলেছে, তার আঁচ পাওয়া যাচ্ছে।

Nagad
Nagad

সারাদিন/১১ মে/এমবি