Print

সারাদিন

২৪ ঘণ্টায় আরও ২৯ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, মে ১৮, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গুতে আক্রান্ত ২৯ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১০৫ জন এবং অন্যান্য বিভাগে ২২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ১ হাজার ৩৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮১৮ জন এবং ঢাকার বাইরে ৫৪১ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২২০ জন। এর মধ্যে ঢাকায় ৭০৪ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৫১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।

Nagad
Nagad

সারাদিন/১৮ মে/এমবি