Print

সারাদিন

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৩৭ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৩

সারাদিন ডেস্ক

ইতালি ও তিউনিসিয়ার মাঝামাঝি ভূমধ্যসাগরে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৭ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। এ সময় কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ জুন) বেঁচে যাওয়া চার আরোহীর বরাতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই তথ্য জানিয়েছে। লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা ‘রয়টার্স’র এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।

জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া আরোহীরা সবাই সাব-সাহারান আফ্রিকা অঞ্চলের বাসিন্দা। গত বৃহস্পতিবার গভীর রাতে তারা ইতালির লাম্পেদুসা দ্বীপে পৌঁছান। এর আগে একটি জাহাজ তাদের নৌকাডুবির স্থান থেকে উদ্ধার করে।

জীবিত আরোহীরা জানান, তারা মোট ৪৬ জন তিউনিসিয়ার স্ফ্যাক্স বন্দর থেকে ইতালির উদ্দেশে রওয়ানা হয়েছিলেন। কিন্তু প্রবল বাতাসে তাদের নৌকাটি ডুবে যায়।

চার অভিবাসনপ্রত্যাশীর মতে, তাদের সাথে থাকা আরও চার-পাঁচজনকে আরেকটি জাহাজ তুলে নিয়েছিল। বাকি ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এদের মধ্যে সাতজন নারী এবং একটি শিশুও ছিল।

এর আগে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনও দুর্ঘটনার বিষয়ে একই তথ্য দিয়েছিল। তবে তারা নিখোঁজদের সংখ্যা ৪০ বলে উল্লেখ করেছিল।

Nagad
Nagad

সারাদিন/২৪ জুন/এমবি