Print

সারাদিন

নিজস্ব সংস্কৃতি বিকশিত করার মাধ্যমেই দেশ এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১:২৫ অপরাহন, জুলই ৪, ২০২৩

সারাদিন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখলে ও বিকশিত করার মাধ্যমেই দেশ এগিয়ে যাবে।

এ সময় সাংস্কৃতিক চর্চা কেন্দ্র তৃণমূল পর্যায়ে আমাদের নিয়ে যাওয়া এবং সাংস্কৃতিক চর্চায় প্রযুক্তিকে সম্পৃক্ত করে আধুনিক জ্ঞান সম্পন্ন জাতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটি সমাপ্ত প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। মূল অনুষ্ঠানটি জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সংস্কৃতির বিকাশ ও উৎকর্ষ সাধনে যা যা করার দরকার আমরা ইতোমধ্যে করেছি এবং ভবিষ্যতেও করে যাব। কারণ প্রযুক্তির যুগে আমাদের ছেলেমেয়েদের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। কাজেই তাদের চিন্তা-চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের সংস্কৃতিকে বিকশিত করতে হবে। আমাদের বাঙালি সংস্কৃতি যেন একেবারেই ভুলে না যায়, সে ব্যবস্থাটাই করতে হবে। কারণ আমাদের স্বতন্ত্রবোধ আছে, সেই বোধটা আমাদের ধরে রাখতে হবে।

তিনি বলেন, আমাদের সাংস্কৃতিক চর্চায় প্রযুক্তিকে সম্পৃক্ত করে আধুনিক জ্ঞানসম্পন্ন জাতি হিসেবে প্রজন্মের পর প্রজন্মকে গড়ে তুলতে চাই। সেদিকে লক্ষ্য রেখে সরকার কাজ করে যাচ্ছে।

সরকারপ্রধান বলেন, আমি মনে করি বাংলাদেশকে যেমন আমরা আর্থ-সামাজিকভাবে আমরা উন্নত করছি। পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও তা সংরক্ষণেরও মধ্যেও আমরা এগিয়ে যাব। আমাদের সংস্কৃতি যাতে আন্তর্জাতিক বিশ্বেও বিকশিত হতে পারে সেই পদক্ষেপ আমরা নেব।

Nagad
Nagad

তিনি বলেন, জাতীয় গ্রন্থাগারগুলো ডিজিটাল করার উদ্যোগ নিয়েছি। পর্যায়ক্রমে সব উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের সরকারি লাইব্রেরি কার্যক্রম করার উদ্যোগ আমরা গ্রহণ করবো। জেলা পর্যায়ে একটি করে লাইব্রেরিগুলো রয়েছে, সেগুলো ভেঙে নতুন ভবন নির্মাণ করা হবে। লাইব্রেরিকে আমাদের আরও বৈচিত্র্যময় এবং পাঠকবান্ধব করে গড়ে তুলতে হবে। পাবলিক লাইব্রেরিতে নতুন আঙ্গিকে গড়ে তোলার জন্য ৫২৪ কোটি টাকা ব্যয় গ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করতে যাচ্ছে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।