Print

সারাদিন

বিএনপি নেতা টুকুকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৩

সারাদিন ডেস্ক

দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর ৯ বছরের সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। হাইকোর্টের বিচারিক আদালতে রায় পৌঁছানোর ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৬ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন।

বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে দুদকের করা মামলায় ২৭৩ পৃষ্ঠার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

এর আগে দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর ৯ বছরের কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট।

গত ৩০ মে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। জ্যেষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার আদালত রায়ের মূল অংশ পড়ে শোনান।

রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ ও এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আর টুকুর পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন।

Nagad
Nagad

৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে ২০০৭ সালের মার্চে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এ মামলা করেন দুদকের উপপরিচালক শাহরিয়ার চৌধুরী। দুদকের উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা ওই বছর ২৮ জুন মহানগর হাকিম আদালতে এ মামলায় অভিযোগপত্র দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৫ নভেম্বর বিচারিক আদালত এ মামলার রায়ে টুকুকে ৯ বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন টুকু। আপিলের পর ২০১১ সালের ১৫ জুন তাকে খালাস দেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২১ জানুয়ারি খালাসের রায় বাতিল করে পুনঃশুনানির আদেশ দেন আপিল বিভাগ। সে অনুয়ায়ী হাইকোর্টে ফের এ মামলার শুনানি হয়।