Print

সারাদিন

সাজেক-খাগড়াছড়ি যান চলাচল শুরু

প্রকাশিত: ৪:২৭ অপরাহন, গাস্ট ১০, ২০২৩

খাগড়াছড়ি সংবাদদাতা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দীঘিনালায় কালভার্ট ও বাঘাইহাটে রাস্তা ডুবে গিয়ে খাগড়াছড়ির সাথে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল।

পরিস্থিতির উন্নতি হওয়ায় বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল থেকে খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল শুরু হয়েছে। এছাড়া সাজেক থেকেও ছেড়ে এসেছে পর্যটকবাহী গাড়ি।

স্থানীয় সূত্রে জানা গেছে, অতি বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার প্রধান সড়কের একটি কালভার্ট ডুবে গিয়েছিল। ফলে খাগড়াছড়ি থেকে দীঘিনালায় যান চলাচল বন্ধ ছিল। মঙ্গল (০৮ আগস্ট) ও বুধবার (০৯ আগস্ট) সাজেক থেকে কোনো গাড়ি ছেড়ে আসেনি। তাই সাজেকে অবস্থানরত পর্যটকরা দুইদিন সাজেকেই আটকা ছিলেন।
আটকা ছিলেন।

খাগড়াছড়ি সাজেক কাউন্টারের লাইনম্যান মো: আলম গণমাধ্যমকে বলেন, দুইদিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে সাজেকে যান চলাচল শুরু হয়েছে। সকালে ছোট-বড় মিলিয়ে প্রায় ২০-২৫টি গাড়ি সাজেকের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। তিনি বলেন, বাঘাইহাট রাস্তা থেকে পানি নেমে গেছে বলে জানতে পেরেছি। তাই আমরা গাড়ি চলাচল শুরু করেছি।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরি লুসাই গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে সাজেক থেকে গাড়ি খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে গেছে। বেশকিছু পর্যটক গতকাল ভেঙে ভেঙে কিছুটা পথ গাড়িতে কিছুটা নৌকায় করে চলে গিয়েছিলেন। যেসব পর্যটক থেকে গিয়েছিলেন তারা আজ ফিরে যাচ্ছেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার গণমাধ্যমকে বলেন, রাস্তা থেকে পানি নেমে যাওয়ায় আজ সকাল ৯টার দিকে সাজেক থেকে পর্যটকদের গাড়ি চলাচল শুরু হয়েছে। খাগড়াছড়ি থেকেও সাজেকের উদ্দেশ্যে কিছু গাড়ি ছেড়ে গেছে বলে জেনেছি।

Nagad
Nagad

সারাদিন/১০ আগস্ট/এমবি