Print

সারাদিন

অবশেষে নতুন উপাচার্য পেলো রুয়েট

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩

সারাদিন ডেস্ক

এক বছরের বেশি সময় পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমকে রুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রোববার (১৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব রোখছানা বেগমের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলমকে রুয়েটের উপাচার্য পদে নিয়োগ করা হলো।

উপাচার্য হিসেবে মো: জাহাঙ্গীর আলমের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে এ নিয়োগ যে কোনো সময় বাতিল করতে পারবেন। জাহাঙ্গীর আলম উপাচার্য পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।

এর আগে গত বছরের ৩০ জুলাই রুয়েটের উপাচার্যের মেয়াদ শেষ হয়। এরপর থেকেই অভিভাবক শূন্য হয়ে পড়ে প্রতিষ্ঠানটি। উপাচার্য না থাকায় এতদিন স্থবির হয়ে পড়ে প্রতিষ্ঠানটির সব কার্যক্রম। উপাচার্য নিয়োগের জন্য আন্দোলনও করেন শিক্ষার্থী ও শিক্ষকরা। এরপর রোববার (১৩ আগস্ট) নতুন ভিসি নিয়োগ করা হলো।

সারাদিন/১৩ আগস্ট/এমবি 

Nagad
Nagad