Print

সারাদিন

৪৩ বিসিএসের খাতা পুনঃনিরীক্ষণের দাবিতে লিখিত আবেদন

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৩

সারাদিন ডেস্ক

সদ্য প্রকাশিত ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন ২৪ জন পরীক্ষার্থী। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান বরাবর লিখিতভাবে আবেদন করেছেন পরীক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ২৪ জনের পক্ষে মো: আবু তাহের নামে এক প্রার্থী এই আবেদন করেন। পিএসসি তাদের আবেদন গ্রহণ করে তা বিবেচনা করার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।

ওই আবেদনে বলা হয়েছে, আমরা ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীবৃন্দ। আমাদের লিখিত পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছিল ও আমাদের প্রত্যাশিত গড় নম্বর ছিল পাশ নম্বরের চেয়ে অনেক বেশি। অথচ আমরা লিখিত পরীক্ষার ফলাফল শিটে আমাদের রেজিস্ট্রেশন নম্বর খুঁজে পাইনি। ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষায় নিয়োগকৃত পরীক্ষকদের খাতা মূল্যায়নে ১০ হাজার খাতায় গরমিল এবং পিএসসির নম্বর ইনপুটে গরমিলের সংবাদ একাধিক অনলাইন পত্রিকা ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, পিএসসির যথেষ্ট সদিচ্ছা থাকা সত্ত্বেও অনভিপ্রেত কোনো কারণে এমনটি ঘটতে পারে। এর আগে ৩৮তম বিসিএসে ০১৯৪৭৬ রেজিস্ট্রেশনধারীর অন্যান্য বিষয়ে খুব ভাল নম্বর থাকা সত্ত্বেও ইংরেজি বিষয়ে মাত্র ২৭ নম্বর প্রাপ্তি মুদ্রণজনিত ভুল বলেই প্রতীয়মান হয়।

লিখিত পরীক্ষা ভালো হওয়া সত্ত্বেও ফলাফল না আসায় লিখিত পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণ করে পুনরায় ফলাফল প্রকাশের দাবি জানাচ্ছি।

সারাদিন/০২ সেপ্টেম্বর/এমবি 

Nagad
Nagad