প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩
সারাদিন ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ৭ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় আসেন।
সূত্র জানায়, ঢাকা মিশনের শুরুর দিন রোববার (৮ অক্টোবর) সকালে ঢাকার মার্কিন দূতাবাস থেকে প্রাথমিক ব্রিফ করা হবে। পরে প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে। এক সপ্তাহ ঢাকায় অবস্থানকালে পর্যায়ক্রমে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, বিদেশি কূটনীতিক, সুশীল সমাজ, গণমাধ্যমসহ বিভিন্ন সংস্থার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন।
দূতাবাস সূত্র জানায়, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআই’র নীতিমালা অনুযায়ী একটি যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে তারা এসেছেন।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন—মারিয়া চিন আব্দুল্লা, মারিও মাইত্রি, জেমি ক্যানডেন্স সাক্স স্পাইকারম্যান, আকাশ সিসাসাই কুলোরি, ডেনিয়েল মাইকেল রেইলি, জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে। প্রতিনিধিদলটি ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।
সফর শেষে প্রতিনিধিদল ইতিবাচক বিষয়গুলোর পাশাপাশি উদ্বেগের ক্ষেত্রগুলো ও বাস্তবসম্মত সুপারিশগুলো তুলে ধরে একটি বিবৃতি দেবেন। তারা সংশ্লিষ্ট আন্তর্জাতিক স্টেকহোল্ডার, ওয়াশিংটন ডিসির নীতিনির্ধারক এবং বাংলাদেশের নির্বাচনী এলাকায় বিভিন্ন সংগঠনের সঙ্গে ধারাবাহিক ব্রিফিং ও পরামর্শ করবেন।
প্রতিনিধি দলটির প্রাথমিক কাজ হবে নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচনী প্রেক্ষাপট সম্পর্কে স্বাধীন ও নিরপেক্ষ তথ্য সরবরাহ করা। তবে নির্বাচনের দিন সীমিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানো হবে কি না তাও নির্ধারণ করা হবে।
প্রসঙ্গত, গত জুলাইয়ে বাংলাদেশ সফর করে গেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। তাদের প্রতিবেদনের ভিত্তিতে সম্প্রতি ইইউর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না।