Print

সারাদিন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত ডেভিড উইলির

প্রকাশিত: ৯:১৮ অপরাহন, নভম্বর ১, ২০২৩

সারাদিন ডেস্ক

হতাশাজনক পারফরম্যান্সে চলতি বিশ্বকাপের সেমিতে খেলা হচ্ছে না ইংল্যান্ডের। আগামী ১১ নভেম্বর ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে ইংলিশরা। ওই ম্যাচ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ পেসার ডেভিড উইলি।

এক এক্স বার্তায় ডেভিড উইলি জানান, কখনো এই দিনটির দেখা পেতে চাইনি। সেই শৈশব থেকে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। কিন্তু অনেক সতর্কতার সঙ্গে চিন্তাভাবনা করে অনুশোচনার সঙ্গে বুঝলাম, আমার জন্য সেই সময়টা চলে এসেছে। বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেব।

দীর্ঘ সেই বার্তায় উইলি আরও বলেছেন, খুব গর্ব নিয়ে আমি (ইংল্যান্ডের) জার্সিটি পরেছি এবং নিজের সবটুকু নিংড়ে দিয়েছি। সাদা বলের সংস্করণে দারুণ একটি দলের অংশ হতে পারায় নিজেকে সৌভাগ্যবান মনে করি, যেখানে বিশ্বের সেরা কিছু খেলোয়াড় আছেন। কঠিন সময়ের পাশাপাশি বিশেষ কিছু স্মৃতি এবং বন্ধুও জুটেছে এ সময়ে। আমার স্ত্রী-সন্তান, বাবা ও মাকে বলছি, তোমরা ত্যাগ স্বীকার না করলে, সমর্থন না দিলে আমি নিজের স্বপ্ন পূরণ করতে পারতাম না। বিশেষ কিছু স্মৃতির জন্য ধন্যবাদ…আমি চিরকৃতজ্ঞ।

মূলত কিছুদিন আগে ২০২৩-২৪ চক্রে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে। ২৬ জনের কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি উইলিকে। যাতে রীতিমত অবাক হয়েছেন তিনি। তাই দুঃখ ভারাক্রান্ত মনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি। তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এই বাঁহাতি অলরাউন্ডার নিয়মিত খেলে যাবেন।

ইংল্যান্ডের হয়ে আট বছরে ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭০ ওয়ানডেতে ৯৪ উইকেট নিয়েছেন উইলি। ব্যাট হাতে ২টি ফিফটিসহ করেছেন ৬২৭ রান। অপরদিকে ৪৩ টি-টোয়েন্টি ম্যাচে ৫১ উইকেট নিয়েছেন।

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকার পরেও এটা স্পষ্ট হয়ে উঠেছে অভিমান করে উইলি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। অবসরের ঘোষণা দিলেও শেষ তিন ম্যাচে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চটা নিংড়ে দেওয়ার প্রতিশ্রুতি উইলির। উইলি এখন পর্যন্ত ৭০টি ওয়ানডেতে ৯৪ উইকেট নিয়েছেন। ৪৩টি-টোয়েন্টিতে নিয়েছেন ৫১টি উইকেট।

Nagad
Nagad