Print

সারাদিন

বর্তমান সরকার গরিবের সরকার: খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ২:৫২ অপরাহন, নভম্বর ৭, ২০২৩

সারাদিন ডেস্ক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকার গরিবের সরকার। শেখ হাসিনা দরিদ্রবান্ধব প্রধানমন্ত্রী। তিনি বলেন- ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন শেখ হাসিনা। গ্রামে কিংবা শহরে বিদ্যুৎ সংযোগ নেই এমন বাড়ি খুঁজে পাওয়া দুষ্কর। দলমত নির্বিশেষে সব মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে সরকার। বিএনপি-জামায়াত করে বলে কাউকে বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত করা হয়নি। সরকারের প্রচেষ্টা ছিল বলেই উন্নয়ন তৃণমূল পর্যায়ে পৌঁছেছে।’

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে নওগাঁর সাপাহারে খঞ্জনপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল শক্তিই কৃষি। জাতীয় আয়ের সিংহভাগ আসে এই কৃষি থেকে। ফলে চাষাবাদ পদ্ধতিকে আরও আধুনিকায়ন এবং উৎপাদনশীল করার লক্ষ্যমাত্রা নিয়ে সরকার বিভিন্ন সময় নানা কর্মসূচি গ্রহণ করেছে। ভর্তূকি মূল্যে সার, ট্রাক্টর ও সেচসহ নানা প্রণোদনা দিয়ে আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ করছে।

তিনি বলেন, শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন তা অন্য কোনো সরকার করতে পারেনি। বিএনপি দেশে কোনো উন্নয়ন করতে পারেনি।

বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তারা ভোটে আসবে না। তারা ভোট বানচাল করার চেষ্টা করলেও সফল হবে না। ভোট বানচালের চেষ্টা করলে প্রতিহত করা হবে।’

শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

Nagad
Nagad

এর আগে ভিওইল উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।