Print

সারাদিন

কুমিল্লা সিটির মেয়র রিফাত আর নেই

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৩

কুমিল্লা সংবাদদাতা:

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

আজ বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তিনি হাসপাতালে মারা যান।

জানা গেছে-তিনি ফুসফুসের রোগে আক্রান্ত ছিলেন।

এর আগে গত ১০ ডিসেম্বর আরফানুল হক রিফাতকে এয়ার এ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। তার কয়েকদিন আগে অক্সিজেন সেচ্যুরেশন কমে গেলে তাকে ঢাকায় শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

মেয়র আরফানুল হক রিফাত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

Nagad
Nagad

গত বছরের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী হিসেবে আরফানুল হক রিফাত নির্বাচিত হন। ১০৫ কেন্দ্রে তিনি ৫০ হাজার ৩১০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু। তিনি পান ৪৯ হাজার ৯৬৭ ভোট। মাত্র ৩৪৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন রিফাত।

এ ছাড়া আরফানুল হক রিফাত ২০১০ সাল থেকে কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।