Print

সারাদিন

হত্যা: সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশিত: ৫:০২ অপরাহন, december ২৫, ২০২৩

সারাদিন ডেস্ক

ভারতীয় নাগরিককে হত্যার মামলায় দোষী সাব্যস্ত দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। হত্যার ঘটনায় আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর সৌদি ওই দুই প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

জানা যায়, ওই দুই বাংলাদেশি অর্থসংক্রান্ত বিবাদের জেরে এক ভারতীয়কে হত্যা করে। ঘটনার দিন তারা ওই ভারতীয়কে গাড়িতে করে একটি খোলা মাঠে নিয়ে যান। এরপর সেখানে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন তারা। অভিযুক্ত ব্যক্তিরা নিহতের পরিচয় আড়াল করতে তার মুখে কীটনাশক ছিটিয়ে দেন। খবর গালফ নিউজ।

অভিযোগে আরও বলা হয় হত্যার পর লাশ গুম করতে মাটির নিচে পুঁতে ফেলার চেষ্টা করেছিলেন ওই দুই বাংলাদেশি। তবে তার আগেই তারা পুলিশের হাতে গ্রেপ্তার হন।

আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। আর তাদের হাতে খুন হওয়া ব্যক্তি ভারতীয় নাগরিক।

দীর্ঘ তদন্তের পর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর আদালতে দোষী প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে অভিযুক্ত ব্যক্তিরা সুপ্রিম কোর্টে আপিল করলেও আগের রায় বহাল রাখা হয়। এমনকি রাজকীয় আদেশ জারির মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত বলে নির্দেশ দেওয়া হয়।

Nagad
Nagad