প্রকাশিত: ৪:৫৯ অপরাহন, december ২৯, ২০২৩
বরিশাল প্রতিনিধি:
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় থেকে মানুষের ভাগ্য না গড়ে নিজেদের ভাগ্য গড়েছিল বিএনপি-জামায়াত। তারা (বিএনপি-জামায়াত) সন্ত্রাসী দল, তাদের রাজনীতি করার অধিকার নেই। বিএনপি ও তাদের দোসর নির্বাচন বানচাল করতে চায়।
তিনি বলেন- পঁচাত্তরে জাতির পিতাকে হত্যার পর শুধু যে একজন রাষ্ট্রপতিকে হত্যা করেছে তা নয়, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছিল, স্বাধীনতার মূল্যবোধকে ধ্বংস করেছিল। শুধু তাই নয়, জয় বাংলা স্লোগান, ৭ মার্চের ভাষণ এমনকি জাতির পিতার ছবিও নিষিদ্ধ করেছিল।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৪টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমি বিএনপি-জামায়াতকে ধিক্কার জানাই। তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে আর তাদের রাজনীতি মানুষ পোড়ানোতে।
তিনি বলেন, শস্যভাণ্ডার হিসেবে বরিশালের সুনাম ফিরিয়ে আনতে চাই। বরিশালে মেডিকেল খুলে দিয়েছি, এছাড়া মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।
এর আগে দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী বরিশালে পৌঁছে সার্কিট হাউসে যান। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৩টা ৫ মিনিটে জনসভায় যোগ দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানাও আছেন।
সর্বশেষ ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি শেখ হাসিনা বঙ্গবন্ধু উদ্যানেই জেলা ও মহানগর আওয়ামী লীগের এক জনসভায় ভাষণ দিয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি দেশের কয়েকটি জেলায় জনসভা করছেন। তারই ধারাবাহিকতায় এদিন বরিশালে যান শেখ হাসিনা। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। তারই ধারাবাহিকতায় আজ বরিশালের এ সফর।
প্রসঙ্গত-আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০ ডিসেম্বর সিলেটে হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারত এবং এরপর আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।