Print

সারাদিন

সুষ্ঠু নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত: ইসি আনিছুর

প্রকাশিত: ১:৫৪ অপরাহন, december ৩১, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

সুষ্ঠু নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। তিনি বলেন- সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারলে আমাদের (দেশের) ভবিষ্যৎ অনিশ্চিত। বাংলাদেশের সকল বিষয়; বিশেষ করে আর্থিক, সামাজিক, ব্যবসা বাণিজ্যসহ সবকিছু থমকে যাওয়ার সম্ভাবনা থাকে। বাংলাদেশ হয়তোবা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আনিছুর রহমান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ দিন পর। নির্বাচনকে যেকোনো মূল্যে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে হবে। সেই উদ্দেশ্যে ২৮ নভেম্বর থেকে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছেন, আচরণবিধি প্রতিপালনে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। এবারই প্রথম প্রতিটা আসনভিত্তিক সার্বক্ষণিক জুডিশিয়াল অফিসার দিয়ে ইলেকট্ররাল ইনকোয়ারি করা হয়েছে। উভয়ই মাঠে খুব ভাল কাজ করেছেন। এক মাসেরও বেশি সময় পুরো মাঠ চষে বেড়িয়েছি। সিইসিসহ অন্যান্য কমিশনাররা দেশের বিভিন্ন স্থানে গিয়েছেন।

তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি আচরণবিধি প্রতিপালনে নিরলস চেষ্টা চালিয়ে গিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।একই সাথে যেই অভিযোগগুলো তাদের কাছে এসেছে, তারা যেটা সমাধান করতে পারেনি বা রিটার্নিং, সহকারী রিটার্নিং অফিসার সেগুলো ইলেকটোরাপ ইনকোয়ারি কমিটিকে দিয়েছে, তারা কারও কারও হাজিরা চেয়েছে। কাউকে শোকজ করেছে, লিখিত ব্যাখ্যা চেয়েছে এইভাবে তারা নিষ্পত্তি করেছে। কিছু আমাদের কাছে এসেছে, আমরা সেগুলোর ব্যবস্থা নিয়েছি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দফার প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চলের ৪৩১ জন ম্যাজিস্ট্রেট অংশ নেন।

Nagad
Nagad