Print

সারাদিন

মূল হত্যাকাণ্ড যেহেতু ভারতে হয়েছে, তদন্তও ভারতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, জুন ১, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন- মূল হত্যাকাণ্ড যেহেতু ভারতে হয়েছে সেহেতু মূল মামলাও ভারতে হয়েছে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দী বিনিময় চুক্তি আছে। তাই ভারতই এ হত্যাকাণ্ডের মূল তদন্ত করবে। আমাদের দেশে এই হত্যাকাণ্ড সংগঠিত হলে আমাদের পুলিশ বিষয়টি তদন্ত করতো। তারা যদি আমাদের সম্পৃক্ত করে তাহলে আমরা তাদের সহযোগিতা করবো।

শনিবার (১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে মাদরাসা শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজন নেপালে পালিয়ে গেছেন এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে আর আমরা বসে থাকবো এমন হতে পারে না। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং সহযোগিতাকারী সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। নেপালে একজন পালিয়ে গেছে। তবে সে কোথায় আছে সেটা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তদন্ত হচ্ছে, তাকে ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সাবেক আইজিপি বেন‌জীর অপরাধ করলে বিচার হবে বলেও জানিয়ে মন্ত্রী বলেন-অভিযোগের তদন্ত চল‌ছে। তদন্তের পরই জানা যাবে তিনি কী করেছেন। বেন‌জীরের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না। তবে সে দেশে নাকি বিদেশে সে বিষ‌য়ে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন- ‘তার (বেন‌জীর) বিরুদ্ধে এখনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি। তার আগেই তিনি দেশ ছেড়ে চলে গেছেন বলে শুনেছি। যদিও তার যাওয়ার ব্যাপারে আমি জানি না। বিস্তারিত জেনে এ বিষয়ে কথা বলব’।

Nagad
Nagad