Print

সারাদিন

ফের মুখ্য সচিব হলেন তোফাজ্জল হোসেন মিয়া

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৪

সারাদিন ডেস্ক

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে মো. তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তির মেয়াদ বাড়ালো সরকার। আগামী ৫ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে এ পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বুধবার (২৬জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বুধবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করে এ নিয়োগ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী মো. তোফাজ্জল হোসেন মিয়াকে তার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ৫ জুলাই ২০২৪ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জানানো হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব থাকাকালে ২০২২ সালের ৭ ডিসেম্বর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান জ্যেষ্ঠ সচিব তোফাজ্জল। চাকরির মেয়াদ শেষ করে গত বছরের ৪ জুলাই তোফাজ্জল হোসেন মিয়ার অবসরে যাওয়ার কথা ছিলো। ওই বছরের ৫ জুলাই থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। সেই চুক্তির মেয়াদ আরও এক দফা বাড়ালো সরকার।

তিনি এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। পঞ্চগড়, কুমিল্লা ও ঢাকার জেলা প্রশাসকের দায়িত্বও পালন করেন তিনি।

Nagad
Nagad