Print

সারাদিন

আশঙ্কাজনক ডেঙ্গু পরিস্থিতি, আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ১০১৭

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০১৭ জন।

বুধবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৬, ঢাকা উত্তর সিটিতে ২২৫, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৬, খুলনা বিভাগে ৯২ জন রয়েছেন। এ ছাড়া, রাজশাহী বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন, রংপুর বিভাগে ৩১ এবং সিলেট বিভাগে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৩ হাজার ৯৯ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী।

২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গত বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন।

Nagad
Nagad