Print

সারাদিন

খুলেছে সাজেক-খাগড়াছড়ির দুয়ার

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্, নভম্বর ৫, ২০২৪

খা

দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে খুলে দেওয়া হয়েছে খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন কেন্দ্রগুলো। গত ২০ সেপ্টেম্বরের পর পাহাড়ের সংঘাত এবং নিরাপত্তার জন্য পর্যটক ভ্রমণে প্রশাসনের নিরুৎসাহিতকরণের ফলে পর্যটকরা সাজেকমুখী হতে পারেননি। সহিংসতার জেরে ৮ অক্টোবর খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানায় প্রশাসন। এতে কার্যত বন্ধ হয়ে যায় খাগড়াছড়ি ও সাজেকে পর্যটকদের প্রবেশ।

পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে মেঘের রাজ্য সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে প্রশাসন।

সাজেক কটেজ মালিক সমিতি সূত্রে জানা যায়, এক মাসেরও বেশি সময় ধরে সাজেক পর্যটকশূন্য থাকায় রিসোর্ট-কটেজের অধিকাংশ কর্মচারী সাজেক ছেড়ে চলে গেছেন। এখন আবার নতুন উদ্যমে ফিরতে শুরু করেছেন তারা।

পর্যটনকেন্দ্র উন্মুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা।

তিনি বলেন, এখানকার পর্যটন খাতের সঙ্গে অনেক মানুষের জীবন-জীবিকা জড়িত। পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকায় এখাতে অনেকে বেকার হয়ে পড়েছেন। পর্যটন চালু হওয়ায় খাত সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরেছে।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, গত ১ নভেম্বর থেকে রাঙামাটিতে পর্যটক ভ্রমণে যে বিধি-নিষেধ ছিল, তা প্রত্যাহার করা হয়েছে। সাজেক রাঙামাটি জেলায় হলেও এর অবস্থানগত কারণে এটি খাগড়াছড়ি জেলার ওপর দিয়ে যেতে হয়, যেহেতু খাগড়াছড়িতে ৫ নভেম্বর থেকে পর্যটকদের জন্য বিধি-নিষেধ খুলে দেওয়া হচ্ছে, তাই ৫ নভেম্বর থেকে পর্যটকরা সাজেকে ভ্রমণ করতে পারবেন। আর নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা নেই বলে তিনি জানান।

Nagad
Nagad