প্রকাশিত: ৪:৩৬ অপরাহন, নভম্বর ১০, ২০২৪
সারাদিন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ঘোষণা করেছেন যে, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সঙ্গে তাদের “খেলা হবে”। তিনি রোববার (১০ নভেম্বর) রাজধানীর জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি চলাকালে এ কথা বলেন। এ সময় বেলা সাড়ে ১২টার দিকে ‘ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ’ থেকে কর্মসূচি শুরু হয়।
মঞ্চে হাসনাত আবদুল্লাহ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক সারজিস আলম। কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান তোলেন। মঞ্চ থেকে ঐক্যের ডাক দিয়ে হাসনাত বলেন, “ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে আমরা প্রস্তুত আছি, তবে নিজেদের মধ্যে ঐক্য থাকতে হবে। আমরা খেলব শুধু ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সঙ্গে।”
তিনি আরও বলেন, “ছাত্রলীগকে উৎখাত করার জন্য সবার মাঠে নামার প্রয়োজন নেই, শুধু ঢাকা কলেজের ছাত্ররাই যথেষ্ট।”
এ সময়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম কবিতা আবৃত্তি করেন, এবং ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক আরমানুল হক বলেন, “বাংলাদেশের মূল সমস্যা রাষ্ট্রীয় কাঠামো, যেখানে যে ক্ষমতায় যায়, সে হয়ে ওঠে ফ্যাসিস্ট। এই কাঠামো পরিবর্তন করতে হবে।”