Print

সারাদিন

সালমান এফ রহমান, মেনন, ইনু ও কামালসহ ছয়জন নতুন মামলায় গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৪১ অপরাহন, december ১৮, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া সাত মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এ উপলক্ষে তাদের কারাগার থেকে ঢাকার আদালতে হাজির করা হয়।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিউমার্কেট থানার শিক্ষার্থী মুহাম্মদ শামীম হত্যাচেষ্টা মামলায় সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রামপুরা থানায় সোহান শাহ নামে এক গার্মেন্টস কর্মীকে গুলি করে হত্যা এবং কাফরুল থানার মাহবুব হাসান মামুন হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া ২০১৫ সালে মতিঝিল এলাকায় বিএনপি নেতা মির্জা আব্বাসের কর্মীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় হাসানুল হক ইনুকে এবং একই বছরের ২৮ এপ্রিল আফরোজা আব্বাসের গাড়ি বহরে হামলার ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এই মামলাগুলোতে অভিযুক্তদের পক্ষে আদালতে জামিনের আবেদন করা হলেও তা নাকচ করা হয়।

Nagad
Nagad