Print

সারাদিন

হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হিসেবে হাবিবুর রহমান সিদ্দিকী

প্রকাশিত: ৫:২৮ অপরাহন, december ২৬, ২০২৪

সারাদিন ডেস্ক

প্রধান বিচারপতির নির্দেশনায় সিলেট মহানগর দায়রা জজ মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী হাইকোর্ট বিভাগের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এছাড়া, দুটি পৃথক প্রজ্ঞাপনে বর্তমান রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এ এবং বিচারক শাহরিয়ার কবিরকে গাজীপুর মহানগর দায়রা জজ পদে বদলি করা হয়েছে।

হাবিবুর রহমান সিদ্দিকী ১৮তম বিসিএস (বিচার) ব্যাচের একজন সদস্য। তিনি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি আন্তর্জাতিক বাণিজ্যিক সালিশি আইনে জাপানের ইয়োকোহামা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম (রিসার্চ) ডিগ্রি লাভ করেন।

তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন, যেমন সহকারী জজ হিসেবে শেরপুর, সিনিয়র সহকারী জজ হিসেবে ময়মনসিংহ ও গাজীপুর, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে ঢাকা মহানগর, যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে ঝালকাঠি, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে শেরপুর, অতিরিক্ত মহানগর দায়রা জজ হিসেবে খুলনা মহানগর, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নাটোর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক হিসেবে চট্টগ্রাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক হিসেবে ঢাকায়, এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর সদস্য হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন।

এছাড়া, তিনি আন্তর্জাতিক বাণিজ্যিক সালিশি আইনের ওপর জাপান ও অস্ট্রেলিয়ায় এবং বিচার প্রশাসনের ওপর ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি ও স্টেট জুডিসিয়াল একাডেমি (কেরালা) থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

Nagad
Nagad