Print

সারাদিন

একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি: ধর্ম উপদেষ্টা

প্রকাশিত: ৬:০৪ অপরাহন, december ৩০, ২০২৪

পটুয়াখালী সংবাদদাতা:

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, রাজনৈতিক অস্থিরতা, অর্থনীতির উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মতো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। তিনি বলেন, আমাদের মেয়াদ কম, তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় সাম্প্রদায়িক শক্তি বিপ্লবের অর্জন নষ্ট করতে পারে।

সোমবার (৩০ ডিসেম্বর) পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদরাসায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খালিদ হোসেন আরও জানান, দায়িত্ব গ্রহণের পর একের পর এক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে, যার মধ্যে মাজারে পাথর মারা, সড়কে বিক্ষোভ, সচিবালয়ে অগ্নিসংযোগ ও আনসারদের বিদ্রোহ অন্তর্ভুক্ত। তবে আল্লাহর রহমত এবং জনগণের সহযোগিতায় তারা এসব চ্যালেঞ্জ অতিক্রম করছেন।

পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নেন্সের গভর্নর আলহাজ মাওলানা শাহ মো. নেছারুল হকের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, ওয়ায়েজিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা শাহ মো. নিজামুল হক, টেংরাখালী দরবার শরীফের পরিচালক মাওলানা শাহ মো. নেয়ামুল হকসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।