Print

সারাদিন

সীমান্ত সমস্যা সমাধানে আলোচনা জরুরি: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত: ১:২৪ অপরাহন, জানুয়রী ২১, ২০২৫

সারাদিন ডেস্ক

ভারতের সঙ্গে বিদ্যমান সীমান্ত সমস্যাগুলো গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধানের উপর গুরুত্ব আরোপ করেছে বাংলাদেশ।

সোমবার (২০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, সীমান্তে শান্তি বজায় রাখার জন্য বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি কাঠামোর অধীনে গঠনমূলক আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধান করা উচিত বলে বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে।

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তে সাম্প্রতিক ঘটনাবলির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উল্লেখ করা হয়।

গণমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে শূন্য রেখার কাছে ভারতীয় নাগরিকদের সঙ্গে সংঘর্ষে তিন বাংলাদেশি আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি চৌকা সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) শূন্য রেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, সীমান্ত সংক্রান্ত যেকোনো ইস্যু ১৯৭৪ সালের স্থল সীমান্ত চুক্তি এবং অন্যান্য বিদ্যমান চুক্তির আলোকে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। সূত্র; বাসস।

Nagad
Nagad