Print

সারাদিন

পাগলের বেশে নারীদের হেনস্থাকারী সেই যুবক আটক সাভারে

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫

সাভার সংবাদদাতা:

হিজাব না পরা নারীদের ধর্ষণের হুমকি ও নানাভাবে হেনস্থা করার অভিযোগে খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান নামের এক যুবককে সাভারের আমিনবাজার থেকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (১০ মার্চ) বিকেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

অভিযোগ রয়েছে, ওই যুবক পাগলের বেশ ধরে রাস্তায় ঘুরে বেড়াতেন এবং হিজাব না পরা নারীদের হেনস্থা করতেন। তার এইসব কর্মকাণ্ডের ভিডিও ধারণ করে টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতেন। পুলিশের কাছে থাকা বেশ কয়েকটি ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, “হিজাব না পরলে ধর্ষিত হবেন”— যা জনমনে তীব্র অসন্তোষের সৃষ্টি করে। এছাড়া, কম বয়সী মেয়েদের প্রতি তার অশালীন মন্তব্যও ছিল ভিডিওগুলোর অংশ।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। এর পরিপ্রেক্ষিতে, পুলিশের উচ্চপর্যায়ের নির্দেশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আজ রাতে সাভার মডেল থানায় জরুরি সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির ও সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা আটক যুবকের অপরাধ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। তারা জানান, আটক যুবকের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Nagad
Nagad