Print

সারাদিন

মোহাম্মদপুরে চাঁদাবাজি করতে গিয়ে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা হাউজিং এলাকায় চাঁদাবাজি করার সময় সেনাবাহিনীর অভিযানে ফারুক (৪৫) নামে এক চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় সেনাবাহিনীর বসিলা আর্মি ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় ফারুক তার দলবল নিয়ে বসিলা হাউজিং এলাকায় চাঁদাবাজি করতে গেলে স্থানীয়রা বিষয়টি সেনাবাহিনীকে জানায়। খবর পেয়ে সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের ধরার চেষ্টা করেন। চাঁদাবাজরা পালানোর চেষ্টা করলেও ফারুককে আটক করা সম্ভব হয়।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, ফারুকের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে একটি চাঁদাবাজির মামলা হয়েছে। দীর্ঘদিন ধরে সে ব্যবসায়ী ও সাধারণ এলাকাবাসীর কাছ থেকে ভয় দেখিয়ে চাঁদা আদায় করছিল। বসিলা এলাকায় জমি কেনাবেচা, দোকান ভাড়া বা ব্যবসা চালাতে হলে তার চাঁদা দিতে হতো। কেউ চাঁদা না দিলে হয়রানির শিকার হতেন।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ফারুককে গ্রেপ্তার করা হলেও তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া, চাঁদাবাজ চক্রের পেছনে কোনো গডফাদার জড়িত আছে কিনা, তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Nagad
Nagad