Print

সারাদিন

আ.লীগকে পুনর্বাসনের পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ ইসলাম

প্রকাশিত: ১১:৩০ অপরাহন, মার্চ ২২, ২০২৫

সারাদিন ডেস্ক

আওয়ামী লীগকে পুনর্বাসনের যেকোনো পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর বকশিবাজারের কারা কনভেনশন সেন্টারে লালবাগ থানা এনসিপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। যদি ক্যান্টনমেন্ট বা ভারত আওয়ামী লীগের রাজনীতি করার পথ করে দিতে চায়, তবে তাদেরকেও প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিবাদের দোসরদেরও বিচারের আওতায় আনতে হবে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে আওয়ামী দোসরমুক্ত করতে হবে এবং যারা বিভিন্ন প্রতিষ্ঠানে থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের শাস্তির আওতায় আনতে হবে।

এনসিপির আহ্বায়ক বলেন, যেসব প্রতিষ্ঠান ২০২৪ সালের আন্দোলনে স্বৈরাচারীদের সহযোগিতা করেছিল, তাদের মধ্যে থেকে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক শূন্যতা তৈরি হওয়ায় এর আগেও দেশে সামরিক শাসন জারি হয়েছিল, যা মোটেও কাম্য নয়। বাংলাদেশে আর কোনো সামরিকীকরণ বা ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া হবে না।

Nagad
Nagad

ছত্রিশে জুলাইয়ের মর্মবাণী ধারণ করে অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া মাহফিলে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণ করা হয়।

অনুষ্ঠানে এনসিপির কোতোয়ালি, বংশাল, লালবাগ, চকবাজার ও কামরাঙ্গীরচরের নেতাকর্মীসহ বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।