Print

সারাদিন

মতপার্থক্য যতই থাকুক, সাধারণ ঐক্যের মধ্যে থাকতে হবে: রিজভী

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্, মার্চ ২৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগকে ‘ঘুমন্ত দানব’ আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঘুমন্ত দানবের যাতে প্রত্যাবর্তন না ঘটে এবং নব্য বাকশাল বা অগণতান্ত্রিক শক্তির পুনরুত্থান ঠেকাতে আমাদের মতপার্থক্য যতই থাকুক, সাধারণ ঐক্যের মধ্যে থাকতে হবে।

শনিবার (২২ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে রুয়েট এক্স জেসিডি অ্যাসোসিয়েশন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, স্বস্তির নিঃশ্বাস দীর্ঘ করতে হলে আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে। এই পথ যাতে নির্বিঘ্নে পার হতে পারি, সেই প্রচেষ্টা নিতে হবে। না হলে পরাজিত স্বৈরাচারের দানব, যে আপাত ঘুমিয়ে আছে, সেটি আবার জেগে ওঠার চেষ্টা করবে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে।

তিনি আরও বলেন, আমরা ১৬ বছর ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে এসেছি। এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি। ভবিষ্যতে স্থায়ীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে এর উপাদানগুলোকে আরও শক্তিশালী করতে হবে।

রুয়েটের সাবেক ছাত্রদল নেতা ও বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, প্রকৌশলীদের সংগঠন অ্যাবের সাবেক মহাসচিব আলমগীর হাছিন আহমেদ, প্রকৌশলী হেলাল উদ্দিন, মাহবুব আলম, আব্দুর রাজ্জাক রুহানি, শামীম রাব্বী সঞ্চয়, আব্দুল মোমিন তালকুদার প্রিন্স প্রমুখ।

Nagad
Nagad