Print

সারাদিন

সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫

বাগেরহাট (মোংলা) প্রতিনিধি:

বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর কবল থেকে ৬ নারীসহ ৩৩ জন জেলেকে উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) কোস্ট গার্ডের বিসিজিএস সোনার বাংলার নেভিগেটিং কর্মকর্তা লেফটেন্যান্ট ইশমাম হাসান ফাহিম এই তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত বাহিনী ১৬টি নৌকা সহ ৩৩ জন জেলেকে মুক্তিপণের জন্য অপহরণ করে তাদের গোপন আস্তানায় আটক রেখেছে। এই তথ্যের ভিত্তিতে বুধবার (৯ এপ্রিল) সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত কোস্ট গার্ডের মোংলা বেইস ও আউটপোস্ট নলিয়ান সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতদের উপস্থিতি টের পেয়ে তারা ফাঁকা গুলি ছুঁড়ে দ্রুত বনের গভীরে পালিয়ে যায়। তবে কোস্ট গার্ড সদস্যরা ৬ জন নারীসহ ৩৩ জন জেলেকে ১৬টি নৌকা সহ উদ্ধার করতে সক্ষম হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভুক্তভোগীরা গত ৯ এপ্রিল সকালে মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে কয়রা থেকে সুন্দরবনে গমন করেছিলেন। তখন করিম শরীফ বাহিনী তাদের অপহরণ করে প্রতি জেলেকে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

কোস্ট গার্ড উদ্ধারকৃত জেলেদের কোস্ট গার্ড স্টেশন কয়রাতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করে। তাদের সবাই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। বোটসহ তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট ইশমাম হাসান ফাহিম আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাধীন এলাকায় মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জলদস্যু ও বনদস্যু দমন করতে ২৪ ঘণ্টা টহল অব্যাহত রাখা হচ্ছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলার পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Nagad
Nagad