প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, মে ২৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫) এর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিতে গুরুতর আহত ওই ব্যবসায়ী বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে মিরপুর স্টেডিয়ামের সুইমিং পুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
আহত মাহমুদুল জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি মিরপুর ৪ নম্বর লেনের ৬ নম্বর সেকশনে পরিবারসহ বসবাস করেন।
ভুক্তভোগী মাহমুদুল বলেন, বাসা থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় নিজের মানি এক্সচেঞ্জ অফিসে যাচ্ছিলাম। পথিমধ্যে মোটরসাইকেলে আসা ছয়জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত আমার পথরোধ করে। তারা টাকার দাবি করে, না দিলে কোমরের বাম পাশে গুলি চালিয়ে আমার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাছের একটি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যান।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, ঘটনার খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।
মিরপুর বিভাগের ডিসি মো. মাকছুদুর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।