Print

সারাদিন

৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি

প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্, মে ২৯, ২০২৫

সারাদিন ডেস্ক

দেশের ছয়টি অঞ্চলে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ ছাড়া দেশের অন্য অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এর পাশাপাশি বুধবার (২৮ মে) রাতে দেওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

Nagad
Nagad