Print

সারাদিন

গণতন্ত্রের যাত্রা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে : খালেদা জিয়া

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, মে ২৯, ২০২৫

সারাদিন ডেস্ক

দেশের গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা প্রতি পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়া বলেন, আশা করি, খুব শিগগিরই জনগণ বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবে।

লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরার পর আজ প্রথমবারের মতো বেগম খালেদা জিয়া কোনো রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দেন।

খালেদা জিয়া বলেন, প্রতি বছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারে আসে এক বেদনাবিধুর স্মৃতি নিয়ে। এই দিনে শুধু আমাদের পরিবার নয়, সমগ্র দেশ হয়ে উঠেছিল বেদনার্ত ও অভিভাবকহীন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মের সাথে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্টে জিয়াউর রহমান। যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি এ দেশের সাথে তাঁর নাম অবিচ্ছেদ্য করেছিলেন, সেই চট্টগ্রামেই এক সফল, সৎ, দূরদর্শী এবং প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন।

তিনি বলেন, এদেশে গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা ও উন্নয়ন, নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া। যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শিগগিরই আমরা বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাব— এই হোক শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে আমাদের অঙ্গীকার।

Nagad
Nagad

বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, মনে রাখবেন, সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যা সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানতে হবে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।