Print

সারাদিন

প্রতিবেদন আমলে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: ৪:০৫ অপরাহন, জুন ১, ২০২৫

সারাদিন ডেস্ক

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান নির্দেশদাতা উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে পাঁচটি অভিযোগ গঠন করা হয়েছে। রোববার (১ জুন) দুপুরে অভিযোগপত্র আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম, যেখানে টেলিভিশনে বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হয়।

মামলার অন্য দুই আসামি হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মামলায় শেখ হাসিনা ও কামালকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আবদুল্লাহ আল-মামুন বর্তমানে কারাগারে, তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

প্রসিকিউশন সূত্র জানায়, শেখ হাসিনার বিরুদ্ধে সাড়ে ৮ হাজার পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এতে পাঁচটি পৃথক অভিযোগ রয়েছে।

এর আগে, গত ১২ মে তদন্ত সংস্থা ট্রাইব্যুনালে রিপোর্ট জমা দেয়। সেখানে শেখ হাসিনাকে ‘জুলাই গণহত্যার প্রধান নির্দেশদাতা’ হিসেবে উল্লেখ করা হয়। ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল তদন্ত শেষ করার সময়সীমা ২০ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছিল।

গত বছরের ১৭ ডিসেম্বর আরেক আদেশে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে দুটি মামলার তদন্ত দুই মাসের মধ্যে শেষ করতে বলা হয়।

Nagad
Nagad