প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, জুন ২, ২০২৫
সারাদিন ডেস্ক
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়েছে। আজ সোমবার (২ জুন) এই মামলার রায় ঘোষণা করবেন বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
এর আগে গত ২৯ মে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শামীমা দিপ্তী, জসিম সরকার, এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ ও লাবনী আক্তার।
শুনানি শুরু হয়েছিল গত ২৩ এপ্রিল, আর ২১ এপ্রিল মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এরপর মামলার যাবতীয় নথি পাঠানো হয় সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চে।
রাষ্ট্রপক্ষ আদালতে তাদের যুক্তিতে বলেন, মামলাটি সারকামস্ট্যানশিয়াল এভিডেন্সভিত্তিক হলেও প্রতিটি সাক্ষ্য এমনভাবে মিলেছে যে তা ‘আনবিটেবল করবোরেটিভ এভিডেন্স’-এ পরিণত হয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, মেজর সিনহাকে কারা, কেন ও কীভাবে হত্যা করেছে—তা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলীসহ সকল দণ্ডপ্রাপ্ত আসামির সাজা বহাল রাখার দাবি জানান তারা।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। এ ঘটনায় দায়ের করা মামলার রায়ে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতকে মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন ও সাতজনকে খালাস দেন।
পরবর্তীতে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হাইকোর্টে আপিল করেন, যার রায় আজ ঘোষণা করা হবে।