প্রকাশিত: ৬:৪৭ অপরাহন, জুন ১৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
প্রবীণ রাজনীতিক ও গণফোরামের সভাপতি মোস্তফা মোহসিন মন্টু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৫ জুন) বিকেল ৫টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন মন্টু। মৃত্যুর আগে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
মোস্তফা মোহসিন মন্টু ছিলেন মুক্তিযোদ্ধা এবং একজন আদর্শিক ও মধ্যপন্থী রাজনীতিবিদ। রাজনৈতিক জীবনে তিনি একসময় আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে গণফোরামে যোগ দিয়ে দলের নেতৃত্ব দেন এবং সংলাপনির্ভর রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।