Print

সারাদিন

ভোটের তারিখ নির্ধারণে সরকারের সঙ্গে আলোচনা হবে: সিইসি

প্রকাশিত: ৭:৪৬ অপরাহন, জুন ১৫, ২০২৫

সারাদিন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের তারিখ সরকারের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (১৫ জুন) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভোটের তারিখ চূড়ান্ত হলে তার দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে।

সিইসি জানান, আগামী নির্বাচনে ১৮ বছর বয়স পূর্ণ সকল নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে উদ্যোগ নেবে নির্বাচন কমিশন। তিনি বলেন, ২০২৬ সালের ২ জানুয়ারির মধ্যে যারা ১৮ বছর পূর্ণ করবেন, তাদের অন্তর্ভুক্ত করতে চাইলে জানুয়ারির আগে তফসিল ঘোষণা করা যাবে না।

ভোটের নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি জানিয়ে তিনি বলেন, কখন ভোট হবে, তা নির্ধারণ করা সরকারের বিষয়। এ বিষয়ে এখনো কমিশন কোনো ক্লিয়ারেন্স পায়নি। তবে নির্বাচন কমিশন যেকোনো সময় ভোট আয়োজনের জন্য প্রস্তুত।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হবে। আলোচনা কখন হবে, তা এখনও নির্ধারিত হয়নি।

ভোট কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসি কোনো দলের পক্ষ হয়ে কাজ করবে না। কারো নির্দেশনায় নয়, সংবিধান ও আইন মেনেই কাজ করবে কমিশন।

Nagad
Nagad

তিনি জোর দিয়ে বলেন, ভোটের বাক্স লুট করে নিয়ে যাবে—এমন দিবাস্বপ্ন কেউ দেখলে তা বাস্তবায়ন হবে না। এবার ভোট সন্ত্রাসীদের জন্য কোনো ছাড় থাকবে না। কমিশন জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে।