Print

সারাদিন

জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জুন ২০, ২০২৫

সারাদিন ডেস্ক

জনপ্রশাসন সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত কার্যকর করার লক্ষ্যে সভা করেছে সরকার। ১৬ জুন প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

শুক্রবার (২০ জুন) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত ছয়টি প্রধান সংস্কার কমিশনের মধ্যে পাঁচটি কমিশনের ১২১টি সুপারিশ বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। এর মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৮টি সুপারিশ সভার মূল আলোচ্য বিষয় ছিল।

এই ১৮টি সুপারিশের মধ্যে আটটি দ্রুত ও সহজে বাস্তবায়নযোগ্য প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেগুলো হলো—

১. পেট্রোল পাম্পে স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন – ২০ জুলাইয়ের মধ্যে সারা দেশে স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন শেষ করার সময়সীমা নির্ধারণ।

২. মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডায়নামিক করা – আপডেট তথ্য এবং মতামত দেওয়ার অপশন সংযোজন, দুই মাসের মধ্যে ইন্টারঅপারেবিলিটি বাস্তবায়ন।

Nagad
Nagad

৩. স্কুল-কলেজে সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে ম্যানেজিং কমিটি গঠন – নীতিমালা প্রণয়ন ও এক মাসের মধ্যে কমিটি পুনর্গঠনের নির্দেশনা।

৪. কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র পরিচালনায় বেসরকারি সংস্থার অংশগ্রহণ – এক সপ্তাহের মধ্যে কৌশল নির্ধারণ।

৫. সব দপ্তরে গণশুনানি – এক সপ্তাহে কৌশল চূড়ান্ত করার নির্দেশ।

৬. তথ্য অধিকার আইন ও অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট সংশোধন – সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহকে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা।

৭. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পুনর্গঠন – বিশ্বব্যাংকের সহায়তায় কমিশনের সুপারিশ সমন্বয় করে বাস্তবায়ন।

৮. ই-গভর্নমেন্ট ও ই-সার্ভিস শক্তিশালীকরণ – নাগরিক প্ল্যাটফর্মে সব সেবা অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন।

সভায় বলা হয়, প্রতিটি মন্ত্রণালয় নিজস্ব বাস্তবায়ন টিম গঠন করবে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে জিআইইউ-এর আওতায় একটি তদারকি টিম কার্যক্রম পর্যবেক্ষণ করবে। মন্ত্রিপরিষদ বিভাগও এ কার্যক্রম তদারকি করবে।

এছাড়া জানা গেছে, ইতোমধ্যে ৫৪টি মন্ত্রণালয়ে ১,০৬১টি সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য সংস্কার কার্যক্রমও বাস্তবায়নের জন্য নিয়মিত সভার আয়োজন চলবে।