প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্, জুলই ১, ২০২৫
সারাদিন ডেস্ক
আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, ফোনালাপে দুই নেতার মধ্যে আলোচনা ছিল আন্তরিক, বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক। তারা উভয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ব্যাপারে একমত হন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেন, আলোচনায় উভয় পক্ষ অর্থনৈতিক সম্পর্ক জোরদার, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধি এবং গণতন্ত্রের রূপান্তর প্রক্রিয়া নিয়ে যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়, এই ফোনালাপে আসন্ন নির্বাচন ছাড়াও যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য, চলমান সংস্কার প্রক্রিয়া, রোহিঙ্গা সংকট এবং শুল্ক বিষয়ে আলোচনা হয়।
যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিতের জন্য কৃতজ্ঞতা
ফোনালাপে ড. ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করায় ধন্যবাদ জানান। তিনি জানান, উভয় দেশের মধ্যে বাণিজ্য প্রসারে একটি কার্যকর উদ্যোগ প্যাকেজ তৈরির কাজ চলছে।
ড. ইউনূস বলেন, ‘আমরা এমন একটি গণতান্ত্রিক রূপান্তরের দিকে এগোচ্ছি, যেখানে তরুণ প্রজন্ম প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। নির্বাচন কমিশন বর্তমানে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনী ব্যবস্থা গঠনে কাজ করছে। আগের সরকার এই ব্যবস্থাকে ধ্বংস করেছিল।’
রোহিঙ্গা বিষয়ে ড. ইউনূস বলেন, ‘মিয়ানমারে প্রত্যাবাসনের বাস্তবসম্মত সম্ভাবনা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।’ এ সময় তিনি মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যেন তিনি সরেজমিনে গণতান্ত্রিক রূপান্তরের অগ্রগতি দেখতে পারেন।