প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্, জুলই ১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
আজ মঙ্গলবার, ১ জুলাই ব্যাংক হলিডে উপলক্ষে দেশের সব ব্যাংকে গ্রাহক লেনদেন বন্ধ রয়েছে। একই কারণে বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় এবং কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এসব অফিসে শুধুমাত্র প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতিবছর ১ জুলাইকে ব্যাংক খাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময়ে ব্যাংকগুলো জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের হিসাব-নিকাশ গুছিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। এই কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এ দিনটি ব্যাংক হলিডে হিসেবে নির্ধারণ করা হয়ে থাকে।
এদিন গ্রাহকরা ব্যাংকের কোনো শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করতে পারবেন না। বন্ধ থাকবে চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, আন্তঃব্যাংক মোবাইল ট্রানজেকশন ও এটিএমে অন্যান্য ব্যাংকের লেনদেন।
ব্যাংক হলিডের প্রভাব পড়েছে পুঁজিবাজারেও। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)– দু’টি স্টক এক্সচেঞ্জেই আজ লেনদেন বন্ধ রয়েছে। কারণ শেয়ারবাজারের বেশিরভাগ লেনদেনই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিচালিত হয়। ফলে ব্যাংক বন্ধ থাকলে শেয়ারবাজারের কার্যক্রমও স্থবির হয়ে পড়ে।
উল্লেখ্য, প্রতিবছর ৩১ ডিসেম্বর-কেও ব্যাংকগুলো বার্ষিক সমাপনী হিসাব গুছিয়ে নেয়। তাই ওই দিনটিও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।