Print

সারাদিন

করাচির ফ্ল্যাট থেকে পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩:৩০ অপরাহন, জুলই ৯, ২০২৫

সারাদিন ডেস্ক

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলী (৩২)-এর পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স ফেজ-৬ এলাকার ইত্তেহাদ কমার্শিয়াল অঞ্চলের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রায় দুই সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের বিনোদনভিত্তিক পোর্টাল সিয়াসাত ডটকম-এর বরাতে জানা যায়, ভাড়া না দেওয়ায় ফ্ল্যাট মালিক আদালতের দ্বারস্থ হন। পরে আদালতের নির্দেশে ফ্ল্যাট খালি করতে গিয়ে পুলিশ দরজা ভেঙে হুমাইরার মরদেহ পড়ে থাকতে দেখে।

পুলিশ জানায়, ফ্ল্যাটটি ভেতর থেকে বন্ধ ছিল এবং কোথাও সন্দেহজনক কোনো আলামত মেলেনি।

পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ জানান, মরদেহটি সম্পূর্ণভাবে পচে গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জানা গেছে, হুমাইরা গত সাত বছর ধরে একা ওই ফ্ল্যাটে বসবাস করতেন এবং ২০২৪ সাল থেকে ভাড়া পরিশোধ করেননি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হুমাইরার বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে।

Nagad
Nagad