Print

সারাদিন

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি

প্রকাশিত: ১:৫৩ অপরাহন, জুলই ১০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজসাক্ষী হতে ইচ্ছা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই।’ লিখিত বক্তব্যে তিনি আরও জানান, ‘এই অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের মুখোশ উন্মোচন করতে চাই।’

একই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান-সংক্রান্ত মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) গঠন করেন। এতে করে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। এ মামলার সূচনা বক্তব্য ও রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ আগামী ৩ ও ৪ আগস্ট অনুষ্ঠিত হবে।

বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

Nagad
Nagad