Print

সারাদিন

কাউকে গ্রেস নম্বর দেওয়া হয়নি, এটিই প্রকৃত ফল: শিক্ষাবোর্ড চেয়ারম্যান

প্রকাশিত: ৪:১৪ অপরাহন, জুলই ১০, ২০২৫

সারাদিন ডেস্ক

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে কাউকে বাড়তি নম্বর বা গ্রেস মার্কস দেওয়া হয়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। তিনি বলেন, এবারের ফলাফল শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন, ‘যে ফলাফল আমরা প্রকাশ করেছি, এটি প্রকৃত ফল। এতে কোনো ধরনের বাড়তি নম্বর বা গ্রেস মার্কস দেওয়া হয়নি। পরীক্ষকদের যথাযথভাবে মূল্যায়নের নির্দেশনা দেওয়া হয়েছিল। মেধার যথার্থ মূল্যায়নের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তাই এ নিয়ে সন্দেহ বা ক্ষোভের সুযোগ নেই।’

তিনি আরও জানান, এবার উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে কোনো ধরনের চাপ ছিল না, এবং পরীক্ষকরা স্বাধীনভাবে কাজ করেছেন।

গত বছরের তুলনায় পাসের হার কমেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিগত সময়ে কী হয়েছে, তা বলবো না। আমরা এবার যথাযথভাবে উত্তরপত্র মূল্যায়ন করেছি এবং সেটিই ফলাফলে প্রতিফলিত হয়েছে। ফলাফলে আমাদের কোনো প্রভাব নেই।’

অধ্যাপক এহসানুল কবির বলেন, ‘শিক্ষার্থীরা খাতায় যা লিখেছে, নম্বর পেয়েছে সেটির ভিত্তিতেই ফল প্রকাশ করা হয়েছে। কোনো নির্দিষ্ট নম্বরের পর বাড়তি নম্বর দিয়ে গ্রেড বাড়ানোর পদ্ধতি অবলম্বন করা হয়নি। কম্পিউটার পদ্ধতিতে নম্বর গণনার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ফল তৈরি হয়েছে।’

Nagad
Nagad

বরিশাল বোর্ডে পাসের হার কম:
বরিশাল বোর্ডে পাসের হার তুলনামূলক কম হওয়া প্রসঙ্গে তিনি বলেন, বরিশাল অঞ্চলে খাল-বিল ও প্রান্তিক এলাকা বেশি হওয়ায় সেসব জায়গায় শিক্ষা কার্যক্রম পরিচালনায় চ্যালেঞ্জ থাকে। ঢাকার মতো বিভাগীয় শহরে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের উপস্থিতির কারণে ফলাফল তুলনামূলক ভালো হয়। শহরের তুলনায় গ্রামীণ এলাকার ফলাফলে তারতম্য ঘটে।