প্রকাশিত: ৫:৪৩ অপরাহন, জুলই ১০, ২০২৫
সারাদিন ডেস্ক
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সংগঠনগুলোর কার্যক্রমে অনিয়ম ও নির্বাচন নিয়ে জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৯ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত পৃথক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শায়লা ইয়াসমিনকে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের প্রশাসক এবং উপসচিব মো. আবদুল মালেককে বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রশাসকদের ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, সংগঠন দুটি যথাযথভাবে পরিচালিত হচ্ছিল না। সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশন সম্পর্কে উল্লেখ করা হয়, সংগঠনটি বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত হলেও কার্যক্রম সন্তোষজনক নয়। কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এবং ভোটার তালিকায় ত্রুটিসহ নির্বাচনী তফসিল যথাযথ বিধিমালা অনুসরণ না করায় বর্তমান কমিটি বাতিল করা হয়েছে।
অন্যদিকে, অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সর্বশেষ নির্বাচন নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে। এফবিসিসিআইয়ের সালিশি ট্রাইব্যুনালের নির্দেশনা উপেক্ষা করে নির্বাচন পরিচালিত হয়েছে, যা গঠনতন্ত্র ও আইনি নির্দেশনার পরিপন্থী। ১৩ ফেব্রুয়ারির নির্বাচনেও নানা ত্রুটি ধরা পড়ে।
দুই সংগঠনের ক্ষেত্রেই ‘বাণিজ্য সংগঠন আইন, ২০২২’-এর ১৭ ধারা অনুসারে বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।