প্রকাশিত: ৮:২৮ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ (৩৯) হত্যা মামলায় আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (১১ জুলাই) রাতে অভিযান চালিয়ে ৯ নম্বর আসামি টিটন গাজীকে (৩২) গ্রেপ্তার করা হয়।
এই নিয়ে আলোচিত মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
এর আগে বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে সোহাগকে কুপিয়ে ও পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগকে প্রথমে হাসপাতালের ভেতরে মারধর করা হয় এবং পরে টেনে হিঁচড়ে বাইরে এনে পিটিয়ে হত্যা করা হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
নিহতের বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান শুরু করে। বৃহস্পতিবার মামলার ১ ও ২ নম্বর আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২) গ্রেপ্তার হন। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। র্যাবও আরও দুইজনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
নিহত সোহাগ সপরিবারে কেরানীগঞ্জে বসবাস করতেন। তার রাজনৈতিক পরিচয় থাকলেও তিনি সাম্প্রতিক বছরগুলোতে পুরান ঢাকায় ভাঙারির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়দের ধারণা, ব্যবসায়িক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।