প্রকাশিত: ৮:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৫
সারাদিন ডেস্ক
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, বাঁধ নির্মাণসহ সব প্রকল্পের কাজের মান খতিয়ে দেখা হবে। যদি কাজের মান খারাপ হয়, তাহলে যারা এ কাজে নিয়োজিত, তাদের জবাবদিহির আওতায় আনা হবে।
শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ফেনী সার্কিট হাউসে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কাজের মান খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে পানিসম্পদ উপদেষ্টাও বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে আসবেন। ফেনীবাসীর সঙ্গে আলোচনা করেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। স্থায়ী সমাধানের জন্য সরকারের সবধরনের পরিকল্পনা রয়েছে।’
দুর্যোগকালে ফেনীবাসীর ঐক্যকে প্রশংসা করে ফারুক-ই-আজম বলেন, ‘গত বছর আমরা দেখেছি, দেশের সব মানুষ যেন ফেনীতে এসে এক হয়ে গিয়েছিল। সংকটে এই একতা ও অবিচ্ছেদ্য মনোভাব জাতি হিসেবে আমাদের শক্তি। সম্মিলিত প্রচেষ্টায় এ দেশের মানুষ সব সময় দুর্যোগ মোকাবিলা করেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা যে সংকটে আছি, তা প্রাকৃতিক। এসব দুর্যোগের জন্য আমরা দায়ী নই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উন্নত দেশগুলোর ভূমিকা বেশি। তবে আমাদের জনগণকে সুরক্ষা দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।’
সভায় জলাবদ্ধতা নিরসন ও অবৈধ দখল উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, ‘মার্কেট বানানো যাবে পরে, আগে মানুষের দুর্ভোগ লাঘব করতে হবে। চট্টগ্রামেও অবৈধ দখলের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে, ফেনীতেও এমনই পদক্ষেপ নেওয়া হবে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।