Print

সারাদিন

বিমানে বোমার ভুয়া খবরের পেছনে পরকীয়ার নাটক: র‍্যাব

প্রকাশিত: ৪:২১ অপরাহন, জুলই ১২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বোমা থাকার ভুয়া তথ্যের পেছনে ছিল পরকীয়ার নাটক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তারা হলেন-ইমরান, তাঁর বন্ধু ইমনের স্ত্রী তাহমিনা এবং ইমনের মা রাশেদা বেগম।

শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

এর আগে শুক্রবার (১১ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা রয়েছে বলে একটি অচেনা নম্বর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এ ফোন করা হয়। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে বিমানটি থামিয়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী ও বোম্ব ডিসপোজাল ইউনিট। তবে শেষ পর্যন্ত বিমানে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

র‍্যাব মহাপরিচালক জানান, ‘আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসে, ইমন নামে একজন ব্যক্তি তার প্রেমিকা নিয়ে নেপাল যাচ্ছিলেন। বিষয়টি জানাজানি হয়ে গেলে ইমনের স্ত্রী তাহমিনা ও তাঁর মা রাশেদা বেগম ওই সফর ঠেকাতে নানা চেষ্টা করেন। সফল না হওয়ায় ইমনের বন্ধু ইমরান তাদের পরামর্শ দেন—ফ্লাইটে বোমা রয়েছে বলে খবর দিলে যাত্রা থামানো যাবে। এই পরিকল্পনা অনুযায়ী ইমনের মা নিজেই এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বোমার তথ্য দেন।’

তিনি আরও বলেন, ‘এই ধরনের কর্মকাণ্ড শুধু একজন ব্যক্তির যাত্রা নয়, বরং দেশের জাতীয় বিমান সংস্থার ভাবমূর্তিকে আন্তর্জাতিকভাবে ক্ষতিগ্রস্ত করে।’

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Nagad
Nagad