প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫
রাজশাহী সংবাদদাতা:
নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, ‘যেকোনো মূল্যে পরিস্থিতি স্বাভাবিক করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।’
শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে প্রেস উইংয়ের এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের পর থেকে সরকার বর্তমান পরিবর্তিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘটনার পরপরই পদক্ষেপ নেওয়া হচ্ছে। নির্বাচনের পূর্বে স্থিতিশীলতা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।’
ঢাকায় এক ব্যবসায়ী হত্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘পুলিশ ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে এই বার্তাই দেওয়া হয়েছে— এখন থেকে কাউকে ছাড় দেওয়া হবে না।’
গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়ে উপ-প্রেস সচিব বলেন, ‘নির্বাচনের সময় সাংবাদিকদের যেন কোনো ভোগান্তি না হয়, তা নিশ্চিত করা হবে। ইতোমধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে দায়ের করা সব মামলা বাতিল করা হয়েছে। সাইবার নিরাপত্তা আইনে হ্যাকিং ছাড়া সব অপরাধ জামিনযোগ্য করা হয়েছে।’
সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতারা।